প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
ডেঙ্গুমুক্ত দেশ গড়তে নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ২০০ ডেঙ্গু কিট দিলেন সংসদ সদস্য

মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোলের উদ্যোগে দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০০টি ডেঙ্গু কিট প্রদান করেন। তাঁর এ উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচির মূল লক্ষ্য হলো বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন করা। বিশেষ করে কোথাও যেন জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে।
সবার সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে গড়ে উঠুক ডেঙ্গুমুক্ত বাংলাদেশ—এমন প্রত্যাশা এলাকাবাসীর।
© দৈনিক চেতনার কন্ঠ